এবার ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আলোচিত চরিত্র ‘জিল্লু’ ওরফে শ্যাম ভট্টাচার্য। আগামীকাল ঢাকায় আসছেন তিনি। শুক্রবার (২ মে) সকালের ফ্লাইটে ঢাকার মাটিতে পা রাখবেন শ্যাম। ঢাকায় দুই-তিন দিন থাকার পরিকল্পনাও রয়েছে তার।ঢাকায় আসার কারণ নিয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘বরবাদ’ সিনেমায় ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে দর্শকদের যে সাড়া পাচ্ছি, তাতে সিনেমাটি হলে বসে দেখার দেরি আর সহ্য করতে পারছি না। ‘বরবাদ’ এখনও কলকাতায় রিলিজ পায়নি তাই ঢাকায় চলে আসছি সিনেমাটি দর্শকদের সঙ্গে উপভোগ করার জন্য।
‘বরবাদ’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের পিএসের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ‘জিল্লু’ খ্যাত শ্যামকে। এ সিনেমায় শাকিবের দেওয়া ডায়ালগ ‘এই জিল্লু মাল দে’ এখন দর্শকের মুখে মুখে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, নাদের খান, শহিদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত প্রমুখ।